
দাগনভূঞা প্রতিনিধি: গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের স্ত্রী রোকসানা আক্তারকে (২৭) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ভাসুর আবুল হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মধ্যম চন্ডিপুর গ্রামের (৬ নম্বর ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে। ভূক্তভোগী রোকসানা আক্তার ওই এলাকার জিন্নাত আলী বেপারী বাড়ির আবু ছায়েদের স্ত্রী। অভিযুক্ত আবুল হোসেন একই পরিবারের আবু ছায়েদের আপন বড় ভাই অর্থাৎ ভূক্তভোগী রোকসানার ভাসুর।
আহতের স্বামী আবু ছায়েদ জানান, ওইদিন দুপুরে বাড়ির পিছনে গাছ কাটাকে কেন্দ্র করে আমার স্ত্রীর সঙ্গে বড় ভাই আবুল হোসেনের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আবুল হোসেন অকথ্য ভাষায় গালমন্দ করে তেড়ে এসে হাতে থাকা দা দিয়ে আমার স্ত্রী রোকসানা আক্তারের পিঠে দুইটি কোপ মারে এবং হাতের আঙ্গুলেও কোপ মারে। এতে আমার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে।
এরপর আমি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক ফেনী জেনারেল হসপিটালে প্রেরণ করে। অবস্থা গুরুতর হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে। তিনি আরও জানান, বাড়ির জায়গা-জমি নিয়ে আমার ভাইয়ের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। স্থানীয় শালিশদাররা মীমাংসা করে দিলেও আমার ভাই জোরপূর্বক আমার গাছ কেটে বিক্রি করে দেওয়ার কারণে আমার স্ত্রী বাঁধা দিলে আমার স্ত্রীর উপর এমন আক্রমন করে। এর আগেও আমাকে মেরে গুরুতর জখম করে। আবুল হোসেনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মারামারির মামলা চলমান রয়েছে। চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় এখনও লিখিত অভিযোগ দেয়া হয়নি। চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দিব।
এবিষয়ে অভিযুক্ত আবুল হোসেন জানান, কাঠুরেরা আমার গাছ কাটতেছে, আমি পাশে দাড়িঁয়ে ছিলাম। এসময় আমার ছোট ভাইয়ের স্ত্রী রোকসানা আমার উপর তেড়ে এসে উত্তেজিত হয়ে বলছে কেন গাছ কাটতেছি। একপর্যায়ে আমার হাতে থাকা দা দেখিয়ে সাবধান করতেছি তারপরও আমার উপর তেড়ে আসায় দা দিয়ে ভয় দেখাতে গিয়ে কোপ লেগেগেছে।
প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন মোল্লা জানান, তাদের দুই ভাইয়ের বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলতেছে। আমরা সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করেছি। আবুল হোসেন জোরপূর্বক আবু ছায়েদের গাছ কেটে বিক্রি করছে এতে আবু ছায়েদের স্ত্রী বাঁধা দিলে দা দিয়ে কোপ মারে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ কামাল বলেন, যেহেতু সিদ্ধান্ত ছিল আবুল হোসেন গাছ কাটতে পারবে না কিন্তু আবুল হোসেন জোরপূর্বক গাছ কাটায় আবু ছায়েদের স্ত্রী বাঁধা দিলে দা দিয়ে কুপিয়ে জখম করে। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল