প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ
মিয়ানমার সংঘাতে গুলিতে এপারে আহত সেই কৃষকের মৃত্যু এলাকায় শোকের ছায়া

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: মিয়ানমার সংঘাতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়া সীমান্তে গুলিতে আহত আনোয়ারুল ইসলাম মারা গেছেন। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে তিনি মারা যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত আনোয়ারুল ইসলাম (৩৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকার আবদুস সালামের ছেলে।
উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ৬ ফেব্রুরয়ারি আনোয়ারুল ইসলাম সীমান্তবর্তী জমিতে কাজ করছিল। এ সময় মিয়ানমার সংঘাতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মরিয়ম খাতুন বলেন, তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে। কৃষিকাজ করেই সংসার চালাতেন আনোয়ারুল। প্রতিদিনের মতো সেদিনও জমিতে কাজ করতে গিয়ে আহত হন তিনি। এক মাস চিকিৎসার পরও বাঁচানো গেল না তাকে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, মৃত্যুর ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.