প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ৩:০০ অপরাহ্ণ
রবিতে ইকোন স্পোর্টস ফেস্টের পর্দা উঠল

হাবিবুর রহমান: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ‘ইকোন স্পোর্টস ফেস্ট-২০২৪’ এর পর্দা উঠেছে আজ। বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (৪ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠের রবি প্রাঙ্গনে খেলাটির উদ্বোধন করেন রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
এসময় রবি উপাচার্য বলেন, অর্থনীতি বিভাগ একটি সমৃদ্ধ ক্রীড়ার ধারা রচনা করেছে। অর্থনীতি বিভাগের প্রতি শ্রদ্ধাবোধ, মমত্ববোধ একটু বেশি। কারণ, ক্যাম্পাস নির্মিত হওয়ার পূর্বেই অর্থনীতি বিভাগের ইকোন স্পোর্টস ফেস্টের মাধ্যমে ক্যাম্পাসের স্বাদ পেয়েছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি ভিন্ন ধারার বিশ্ববিদ্যালয়। এখানে পঠনপাঠনের সাথে সাংস্কৃতিক, ক্রীড়ার একটি তাগিদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই আছে। ক্রীড়াও আমাদের সংস্কৃতির একটি অংশ এবং আমাদের দেশের কিছু নিজস্ব ক্রীড়া শৈলী আছে। সেগুলো দিয়েই আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে।
উপাচার্য ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্মরণ করে বলেন, এ মাসেই মহান নেতার তর্জনীতে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল দেশের মানুষ। যার নেতৃত্বে সকলে উদ্বুদ্ধ হয়েছিল তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উদ্বোধনী পর্বের খেলায় বিভগের শিক্ষার্থীদের দল ইকোন টাইটানস ও ক্যাপিটালিস্ট ক্রাশার্স মুখোমুখি হয়। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ প্রতিবছরের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইকোন ফেস্ট ২০২৪ উদযাপন করছে। বরাবরের ন্যায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহ আজম এই আয়োজনটিতে সর্বাত্মক সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন। আমরা অর্থনীতি বিভাগ স্যারের কাছে কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস আমরা এইরকম আয়োজন আগামী দিনগুলোতেও অব্যাহত রাখবো।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. ফকরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.