
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশ বাঁচাও, মানুষ বাঁচাও যুব সমাজের ভবিষ্যৎ রক্ষা করো শীর্ষক শিরোনামে লিফলেট বিতরণ করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি। গত শুক্রবার বিকেলে দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে উল্লেখ করা হয় যে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সীমাহীন মূল্য বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ নিঃস্ব, ক্ষুধার্ত ও ঋণগ্রস্থ।
অবৈধ সরকারের অপশাসন, লাগামহীন লুটপাট, দূর্নীতি ও অর্থপাচারের ফলে দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত এবং দেশ ও দেশের জনগণের ভবিষ্যৎ অন্ধকার। প্রতি কিলোমিটার রাস্তা তৈরীতে ১১ মিলিয়ন ভলার ব্যায়ের মত অস্বাভাবিক ও বিশ্বে সর্বোচ্চ ব্যয় করা হয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে, পায়রা সমুদ্র বন্দরে, রূপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রে এবং মেট্রোরেলসহ সকল মেগা প্রকল্পে শুধুই মেগা দূর্নীতি করার জন্য।
গত ১৫ বছরে বিদেশে পাচার করা হয়েছে ১৩ লক্ষ কোটি টাকারও বেশি। ব্যাংকগুলো লুটের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করা হয়েছে। জনগণের টাকা লুট ও পাচার করে ক্ষমতাসীন দলের নেতা ও সুবিধাভোগীরা গড়ে তুলেছে বিভিন্ন দেশে সেকেন্ড হোম, বেগম পাড়া এবং দুবাইয়ে গুলশান-৩। অন্যদিকে দেশের বৈদেশিক ঋণ বেড়ে হয়েছে ১০০ বিলিয়ন ডলারেরও বেশী। দেশীয় ব্যাংক ও অর্থনৈতিক খাত থেকে নেয়া ঋণের পরিমান আরও বেশি। তারপরেও বৈদেশিক মুদ্রা ও ব্যাংকে নগদ টাকার সংকট চলছে। বাড়ছে মুদ্রা স্ফীতি ও মূল্য স্ফীতি। ঋণ করে লুট করা এই টাকা জনগণকেই শোধ করতে হবে।
মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে জনগণের ভোট ছাড়াই ডামী নির্বাচনের মাধ্যমে একদলীয় সরকার ও এক ব্যক্তির শাসন কায়েমের জন্য দেশের স্বার্থ ও সাবভৌমত্ব বিকিয়ে দেয়া হয়েছে বিদেশী প্রভুদের কাছে। ক্ষমতার লালসা এবং লুটপাটের মাধ্যমে অর্জিত অঢেল সম্পদ রক্ষার জন্য দেশের স্বার্থ, জনগণের প্রয়োজন, গণতন্ত্র সব কিছুকে জলাঞ্জলী দেয়া হয়েছে। নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে রাজনীতি, সমাজ, সংস্কৃতি, প্রশাসন, বিচার ও শিক্ষা ক্ষেত্রে।
শুধুমাত্র ব্যক্তি শাসন ও লুটপাটের রাজত্ব টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রশক্তি তথা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি বিচার বিভাগকে যথেচ্ছা বেআইনীভাবে ব্যবহার করে জনগণের ন্যায়সঙ্গত প্রতিবাদ-প্রতিরোধ আন্দোলনকে দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে। দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক লিয়াকত আলী’র নেতৃত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব নাছির উদ্দিন, সদস্য তৌহিদ চৌধুরী, দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি কায়সার আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মুবিন, গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক আলমগীর, মোহাম্মদ করিম উদ্দিন প্রমূখ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি