প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১:০২ অপরাহ্ণ
ধুনটে রাস্তার মাটি কেটে বেড়া দেয়ায় যাতায়াত বন্ধ,দূর্ভোগ চরমে

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ রাস্তার মাটি কেটে নিয়ে গিয়ে সেখানে বেড়া দেওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। একারনে প্রতিদিন ওই রাস্তায় চলাচলকারী হাজারো মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই গ্রামবাসী রাস্তাটি দখলমুক্ত করার জন্য ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সরেজমিন জানাগেছে, গত ৮ বছর আগে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের জলাগাঁতী গ্রাম থেকে ছাতিয়ানী গ্রাম পর্যন্ত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মান করা হয়। রাস্তাটি নির্মানের ফলে জলাগাঁতী ও ছাতিয়ানী গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ যাতায়াত করে আসছিল। কিন্তু গত ২৫ জানুয়ারি জলাগাঁতী গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে হাফিজুর রহমান, মতিয়ার রহমানের ছেলে বাবলু ও দেলবার হোসেনের ছেলে হোসেন আলী ওই রাস্তাটির মাটি কেটে নিয়ে গিয়ে তাদের জমি বর্ধিত করেছেন। এছাড়া রাস্তাটির মাঝখানে বাশঁ ও খুঁটি পুতে বেড়া দিয়ে রেখেছেন। আর একারনে প্রায় এক মাস ধরে ওই রাস্তটি দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন কয়েকটি গ্রামের হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এবিষয়ে জলাগাঁতী গ্রামের জালাল উদ্দিন বলেন, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় প্রতিদিন হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাচ্ছে। তাই এবিষয়ে প্রতিকার পেতে এবং রাস্তাটি অবমুক্ত করতে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর একারনে রাস্তা দখলকারীরা বিভিন্নভাবে গ্রামবাসীদের হুমকিও দিয়ে আসছে। তাই এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তবে এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত হাফিজুর রহমান, বাবলু ও হোসেন আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে সরেজমিন ও ফোন কলেও পাওয়া যায়নি।
এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান বলেন, মানুষের চলাচলের রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। এবিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.