
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ হাজার ১৪৪ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেন। তাদের মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ৬১৭ জন রয়েছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার ডিগ্রি কলেজ মাঠ থেকে তাদের ভাসানচরে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
তিনি বলেন, উখিয়া-টেকনাফের আশ্রিত ক্যাম্প থেকে ২৩তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে নতুন ছিল ১৫২৭ জন ও ভাসানচর থেকে আত্মীয়স্বজনের কাছে বেড়াতে আসা ৬১৭ জন। সব মিলিয়ে ২ হাজার ১৪৪ জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাসানচর আশ্রয় শিবিরে স্থানান্তর করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক