হোম » সারাদেশ » উল্লাপাড়ায় ট্রান্সফরমার চুরি চক্রের ৫ সদস্য গ্রেফতার

উল্লাপাড়ায় ট্রান্সফরমার চুরি চক্রের ৫ সদস্য গ্রেফতার

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বন্যাকান্দি গ্রামের মোঃ চাঁদ আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (২৮), রামকান্তপুর গ্রামের মৃত জিল্লুর মন্ডলের ছেলে মোঃ আসাদুজ্জামান আসাদ (২৬), ঘোষগাতি গ্রামের মৃত মনোরঞ্জন দত্তের ছেলে শ্ৰী উজ্জল দত্ত (৪৪), নয়নগাতী গ্রামের মৃত রাজ আলীর ছেলে মোঃ রাজিব হোসেন (২৭) ও মৃত হামিদ জোয়াদ্দারের ছেলে মোঃ ইউনুছ আলী (৪৫)। এদের মধ্যে রাজিব হোসেন ও ইউনুস আলীর বিরুদ্ধে একই অভিযোগে পূর্বের একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঢাকা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উল্লাপাড়া থানার পঞ্চোক্রশি ইউনিয়নের বেতকান্দি, বন্যাকান্দি সহ বিভিন্ন মাঠ থেকে চোর চক্ররা কৃষকের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে আসছিল যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছিল। কৃষকদের মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের নির্দেশে আমার নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রান্সফরমার চুরির ৫ সদস্যকে গ্রেফতার করে। এসময় মামলায় আসামীদের নিকট থেকে চোরাইকৃত ২টি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভিতরের মূল্যবান তামা উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। শীঘ্রই চক্রটির অন্য সদস্যদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!