
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজনের প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত ১১ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চকরিয়ার হারবাং ইউনিয়নে আরএফএল ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া।
দুই চালকের সঙ্গে বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পালাকাটা ২নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল আলীর মেয়ে রুবিদা আক্তার (২৬), চন্দনাইশের হাশিমপুর এলাকার কবির আহমেদের ছেলে বশির মিয়া (৩৫) ও লোহাগাড়া হামজারপাড়া এলাকার মৃত নুরুল মিস্ত্রীর ছেলে আব্দু শুক্কুর মুন্না (৪৫)।
পরিদর্শক মাহবুবুল বলেন, ঈগল স্পেশাল সার্ভিস নামের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ওষুধ কোম্পানি স্কয়ারের কভার্ডভ্যান। সামনাসামনি সংঘর্ষের পর দুটি বাহনই দুমড়েমুচড়ে যায়। বাসটি সড়ক ছেড়ে নেমে যায় নিচের ধানক্ষেতে।
পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনজনের লাশ চিরিঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২