হোম » শহর-নগর » ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের মধ্যে স্বাস্থ্য সেবায় সমঝোতা চুক্তি সই”

ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের মধ্যে স্বাস্থ্য সেবায় সমঝোতা চুক্তি সই”

মোহাম্মদ আসাদুজ্জামান

ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের মধ্যে স্বাস্থ্য সেবায় এক সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর বারোটায় রাজধানীর মোহাম্মদপুরস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই বিশেষ চুক্তি স্বাক্ষরিত হলো।
চুক্তিপত্রে ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এএন এম তাইজুল ইসলাম এবং আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের পক্ষে স্বাক্ষর করেন ইউসিসি গ্রুপ ও পাটোয়ারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ এম এ হালিম পাটোয়ারী।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার পারভীন, অধ্যক্ষ আব্দুল জলিল,এম এইচ স্কুল অব এক্সিলেন্স এর প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের বসিলা ব্রাঞ্চের ইনচার্জ তাজবীর করিম,কো-ইনচার্জ আসমা আক্তার এবং ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ এ্যান্ড হসপিটালের সহকারী পরিচালক মোঃ হাদিউল আলম খান।
সমঝোতা স্মারক চুক্তি অনুযায়ী আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের দেশব্যাপী সকল শাখার ছাত্র-শিক্ষক-আভিভাবকগণ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ এ্যান্ড হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেন্সি ফি ফ্রী পাবেন।সকল প্রকার ডায়াগনস্টিক টেস্ট ও মেডিসিনেও বিশেষ ছাড় পাবেন। তাছাড়া, গুরুতর রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্বাহী পরিচালক এ এন এম তাইজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মানসিক  শারীরিক ও মেধাগত বিকাশে সুস্বাস্থ্য একটি পূর্ব শর্ত। তিনি বলেন, একজন অসুস্থ ছাত্র বাসায় কিংবা শ্রেণিকক্ষে কোথাও তার অধ্যয়নে চাইলেও শতভাগ মনোযোগী হতে পারে না।   অসুস্থতা বা রোগবালাই শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করে। যেহেতু সুস্থ জাতি গঠনে সুস্থ শিশু ও কিশোরদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, সেহেতু তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের আবশ্যক কর্তব্য।সেই উপলব্ধি থেকেই ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সকল শাখার শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকগণের জন্য নামমাত্র খরচে উন্নত ও আধুনিক চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে এসেছে। তিনি আরো বলেন, আজকে থেকে ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ একই পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেলো। অতএব, পরিবারের সদস্য হিসাবে অসুস্থ সদস্যদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
সমাপনী বক্তব্যে ডঃ এম এ হালিম পাটোয়ারী উন্নত বিশ্বের অভিজ্ঞতা থেকে বলেন, ইংল্যান্ডের মতো রাষ্ট্রে মায়ের গর্ভে থেকেই শিশু স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে শিশুরা তাদের সেই অধিকার ও সুবিধা থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করে বলেন, স্বাস্থ্য সেবায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের আইডিয়াল পরিবারের ছাত্র শিক্ষক অভিভাবক ও কর্মচারী সবাই ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্বল্পমূল্যে আধুনিক, উন্নত ও আন্তরিক চিকিৎসা সেবা পাবে। চুক্তি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আজকের এই দিনটি আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে ডঃ এম এ হালিম পাটোয়ারী তাঁর নিজের লেখা বইয়ের সৌজন্য কপি অতিথিদের হাতে তুলে দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!