প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
মহাখালী মডেল হাই স্কুল পরিদর্শনে আব্দুর রহমান সানী

এম হিরন প্রধান:
ঢাকা-১৭ আসনের এমপি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানী মহাখালী মডেল হাই স্কুল পরিদর্শন করেছেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তিনি এ পরিদর্শনে অংশ নেন।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টায় আব্দুর রহমান সানী মহাখালী মডেল হাই স্কুলে পৌঁছালে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানান। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং অবকাঠামোগত বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী করা, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম চালু, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধিসহ বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে।
আব্দুর রহমান সানী বলেন, “একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে কাজ করতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের ফলাফল, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে আব্দুর রহমান সানীকে অবহিত করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক বিষয়গুলোও তুলে ধরেন।
পরিদর্শনের সময় আব্দুর রহমান সানীর সঙ্গে প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক কর্মকর্তা আব্দুর ছাত্তার পাটুয়ারী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউর রহমান ফাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে আব্দুর রহমান সানী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার পরিবেশ আরও আধুনিক ও শিক্ষাবান্ধব করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.