প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৩, ৫:২৮ অপরাহ্ণ
নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব

হাবিবুর রহমান, রবি প্রতিনিধি: 'উর্ধ্বপানে চলি, আকাশেরে ছাড়ি' প্রতিপাদ্য নিয়ে দুদিনব্যাপী জমকালো উৎসব পালন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। শুক্রবার (৮ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব ২০২৩ উদযাপিত হচ্ছে। বিকালে আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় উৎসবের প্রথম দিনের কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালিত্বের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর যৌথ অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নতুন শিক্ষাসংস্কৃতি নির্মাণের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কাজ করছে। এই ধারায় শীতের শুরুতে আমরা একটি উৎসব আয়োজন করতে করছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে দুই দিনব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসবের আয়োজন করছে যা আমার জন্য অত্যন্ত আনন্দের। 'উর্ধ্বপানে চলি, আকাশেরে ছাড়ি' শীর্ষক শ্লোগানকে সামনে নিয়ে আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমরা শিক্ষা, গবেষণা ও মানবিক উন্নয়নে বদ্ধ পরিকর।
উৎসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শাহজাদপুর ও সিরাজগঞ্জের গুণীজন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি ও সিরাজগঞ্জ এবং শাহজাদপুরের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যেদিয়ে শেষ হয় প্রথম দিনের কর্মসূচি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শাহজাদপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন অঙ্গনের মানুষের উপস্থিতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে করেছে বর্ণাঢ্য ।
উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় লেডিস ক্লাব আগামীকাল (৯ ডিসেম্বর) নারী দিবস উপলক্ষ্যে নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে। আলোচনা সভা ছাড়াও এদিন নারীদের অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের জন্য সংগীত পরিবেশন করবে নারী নেতৃত্বে গঠিত জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। উৎসবের দুদিনেই পিঠা উৎসব থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.