প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ণ
শেখ রাসেলকে হত্যা করে একজন প্রকৃত নেতার নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে: রবি উপাচার্য

হাবিবুর রহমান : শিশু শেখ রাসেলের মধ্যে যে মানবিক গুণাবলি, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণ ছিল, যদি তিনি বেঁচে থাকতেন তাহলে নিঃসন্দেহে তিনি বঙ্গবন্ধুর মত একজন হয়ে উঠতেন।
শেখ রাসেল-এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অনেক গুণাবলিই লক্ষণীয়। শিশু শেখ রাসেলকে হত্যা করে খুনিরা বাঙালিকে একজন প্রকৃত নেতার নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে। গতকাল রাত ৮টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল-এর ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত 'শেখ রাসেল: চিরঞ্জীব প্রাণের প্রেরণা' শীর্ষক এক বিশেষ ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
উপাচার্য ১৫' আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, শিশু শেখ রাসেলসহ সকল শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধু পরিবারে সকল সুখের মধ্যমণি, আনন্দ, উচ্ছলতা ও প্রাণচঞ্চলতা সবকিছু তাকে ঘিরেই রচিত হয়েছিল। একজন শিশু সন্তানকে হায়েনারা নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে- এটি অত্যন্ত নির্মম ও হৃদয়বিদারক একটি ঘটনা। যারা বাংলাদেশ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং বাংলাদেশকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল এবং বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল তারা যে কতটা হিংস্র হতে পারে সেটি আমরা শেখ রাসেলকে হত্যার মধ্যে দিয়ে বুঝতে পারি।

তিনি আরো বলেন ১৫ই আগস্ট নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের মরণোত্তর বিচার করা হোক। যদি মরণোত্তর পুরস্কার দেওয়া যায়, তাহলে মরণোত্তর বিচারও করা সম্ভব। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহিদের আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, দিনের শুরুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.