প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ধ্রুপদী সংগীত কনফারেন্স আয়োজন

হাবিবুর রহমান, রবি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে জাতির মানসে চির অম্লান রাখতে ক্ল্যাসিক্যাল মিউজিকের (ধ্রুপদী সংগীত) আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। কনফারেন্সটি আগামীকাল ৩রা মার্চ ও ৪ঠা মার্চ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩ অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (২রা মার্চ) এ বিষয়ে সংবাদ সম্মেলনে কনফারেন্সটি সম্পর্কে বিস্তারিত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজম।
এসময় রবি উপাচার্য বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে জাতির মানসে চির অম্লান রাখার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে আগামী ০৩ মার্চ থেকে ০৪ মার্চ পর্যন্ত।”
৩রা মার্চ সকালে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হবে কনফারেন্সটি। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সংসদ সদস্য চয়ন ইসলাম। এছাড়াও কনফারেন্স বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগীতজ্ঞ শেখ সাদী খান। বিকেলে অনুষ্ঠিত হবে ‘বাংলা গানের পূর্বাপর: প্রসঙ্গ শাস্ত্রীয় সংগীত' শীর্ষক সেমিনার। সন্ধ্যায় দেশ-বিদেশের সংগীত বিশেষজ্ঞদের শাস্ত্রীয় সংগীতের পরিবেশনায় থাকবে ধ্রুপদ (রাগ ভূপালী), খেয়াল (রাগ মুলতানি), তবলা লহড়া, বীণা বাদন এবং উচ্চাঙ্গ সংগীত। এছাড়াও পরবর্তীতে থাকবে প্রখ্যাত বীণাশিল্পী পণ্ডিত বিশখ শীলের পরিবেশনা।
পরবর্তী দিন ৪ঠা মার্চ পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী (কলকাতা, ভারত) ও শুভ্রাংশু চক্রবর্তীর (কলকাতা, ভারত) প্রশিক্ষণে থাকবে কন্ঠসংগীত ও তবলা বাদন কর্মশালা। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স।
উল্লেখ্য, এর আগে গত বছর ১৫-১৭ জুন ‘দ্যা আর্ট অব সোশ্যাল চেঞ্জস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়টি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.