
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে এসে শেরপুরের নালিতাবাড়ীতে হার্ট অ্যাটাকে মারা গেছেন আজিজুল হক (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা। ২৯ অক্টোবর রোববার বিকেল পাঁচটার দিকে শহরের মধ্যবাজার চৌরাস্তা এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ চলাকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার ১০নং যোগানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয় থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশের লক্ষ্যে এক মিছিল বের হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের নেতৃত্বে মিছিলটি মধ্যবাজার চৌরাস্তা মোড়ে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ চলছিল।
সমাবেশে বক্তব্য চলাকালে যোগানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক আকস্মিক রাস্তায় পড়ে যান। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আজিজুল হকের মৃত্যুর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল জানান, আজিজুল হক একজন নিবেদিত দলীয় কর্মী ছিলেন। দলের প্রত্যেক কর্মসূচিতে তিনি স্বতঃফূর্ত অংশ নিতেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ