
মোঃ কবির হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অন্ডকোষে আঘাত করে শাহজাহান (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী রোজিনা বেগমকে (৪০) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান কুমিল্লার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে। তিনি বর্তমানে কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া।
নিহতের স্বজনরা জানান, শাহজাহান দ্বিতীয় বিয়ে করে কাচঁপুর এলাকায় বসবাস করে আসছিলেন। প্রায় পারিবারিক নানা বিষয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হতো। এরই ধারাবাহিকতায় আজও একই ঘটনা ঘটে। কথা কাটাকাটির এক পর্যায়ে রোজিনা বেগম তার স্বামীর অন্ডকোষে আঘাত করে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে কাঁচপুরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রোজিনা বেগমকে আটক করা হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখন নিশ্চিত বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে আমরা নিহতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাই নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি