
রবিউল হাসান লায়ন: জামালপুর পৌরসভার বেলটিয়া পলিশা এলাকায় পৌরসড়কের জমি দখল করে বাড়ি নির্মাণের কারণে ড্রেনসহ সড়কের ক্রংকিট ঢালাইয়ের কাজ থমকে যাওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বেদখল হওয়া জমি উদ্ধারের মাধ্যমে সড়কের প্রশস্ততা ঠিক রেখে চলমান কাজটি দ্রুত শেষ করার জন্য পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
শুক্রবার (২৫ আগস্ট) সকালে ওই এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার ভুক্তভোগী লোকজন এ দাবি জানান।মানববন্ধনে এলাকার বলেন, বেলটিয়া স্কুলের দক্ষিণ থেকে পলিশা হয়ে পুলিশ লাইন সড়ক পর্যন্ত লিংকরোডে কংক্রিটের ঢালাই ও পাকা ড্রেনের চলমান কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন ৫০ ফুটের মতো সড়কের কাজ বাকি আছে।
সড়কের মাথায় স্থানীয় নজরুল ইসলাম লেবু জমি দখল করে একতলা বাড়ি করায় সড়কের কাজ শেষ হচ্ছেনা। এছাড়া দ্রুত ড্রেন নির্মাণকাজ না হওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে এলাকার নিচু অঞ্চলের ঘরবাড়ি। এতে ভোগান্তিতে পড়ছে ওই এলাকার লোকজন। পৌর সড়কের কিছু জমি দখল করে এ বাড়িটি নির্মাণ করায় এ ভোগান্তি সৃষ্টি হয়েছে। এ জমি উদ্ধার করে সড়কটি সঠিকভাবে নির্মাণের দাবি জানান।
তারা আরও জানান, এ সড়ক নির্মাণ করতে গিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুরাইয়া সুলতানা লিপি, মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলীর বাসা এক ফিটের জন্য দুইটা টাইলস করা বাথরুম ও একটা পুরো দেয়াল ভাঙা হয়েছে। কিন্তু সড়কের মাথায় এসে সড়কটি সংকোচিত হয়ে পড়েছে। নজরুল ইসলাম লেবুর একতলা বাড়িটির কারণে চলমান মূল সড়কসহ সঠিক প্রশস্ততার ড্রেন নির্মাণকাজ বাধা পড়ছে। পৌর মেয়র সড়কে পড়া বাড়ির অংশটুকু ভাঙার নোটিশ দিলেও তা মানছেন না তিনি।
যে এর প্রতিবাদ করে তাকেই তিনি হুমকি দিচ্ছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাল্যবন্ধু নজরুল ইসলাম লেবু। স্থানীয় ওই ওয়ার্ড কাউন্সিলরের যোগসাজসে সড়কের মাঝখান দিয়ে ড্রেন নির্মাণের জন্য খনন করা হয়। এতে সড়ক সংকোচিত হয়ে বড় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তাই পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন ওই এলাকার ভুক্তভোগী নার্গিস আক্তার লাইজু, মো. জাকির হোসাইন, শেখ শাহীন, পশু ডা. জামাল উদ্দিন, রস্তুম আলী, আব্দুল রশীদ চৌধুরী, জবেদা বেগম, আক্তারুজ্জামান (আক্তার) প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল