হোম » অন্যান্য বিভাগ » মহেশখালীতে গৃহবধুকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

মহেশখালীতে গৃহবধুকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
গৃহবধুর নাম ময়না পাখি (২৪)। সে বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়া গ্রামের লোকমান হাকিমের স্ত্রী। নিহত গৃহবধু একই ইউনিয়নের ফকিরাকাটা গ্রামের মনু মিয়ার মেয়ে। তার দুই শিশু সন্তান রয়েছে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিহত ময়না পাখির সন্তানদের কান্না শোনে স্থানীয় লোকজন ওই নারীর বাড়িতে এসে সিলিং ফ্যানের সঙ্গে তার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১ টার দিকে মহেশখালী সরকারী হাসপাতালে নিয়ে যান স্থানিয় লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, ময়নার স্বামী ও তার পরিবারের সদস্যরা ময়নার ওপর অত্যচার চালিয়ে হত্যা করার পর বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ বাড়ির চালার সাথে লাগানো ফ্যানে ঝুলিয়ে রাখে। পরে শিশু সন্তানসহ নিহত ওই নারীকে বাড়িতে রেখে স্বামী লোকমান হাকিম বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
নিহত ময়না পাখির ভাই জানিয়েছেন, রাতে তার বোন ময়না পাখিকে পিটিয়ে ও মাথায় আঘাত করে আহত করা হয় বলে তারা খবর পান, পরে তারা তার বোনকে খুন করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানতে পারেন।
এদিকে ময়না পাখির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই বাড়িতে ভাঙচুর চালায়। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ওই নারীর মরদেহটি থানায় নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান,খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে অনুসন্ধান করেছেন। লাশের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহ করা হবে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!