হোম » সারাদেশ » ফয়জুল করীমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

ফয়জুল করীমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

আওয়াজ অনলাইন: বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্খিত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ কথা জানান।

আহসান হাবিব খান বলেন, হামলার ঘটনায় যারা যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাদের গ্রেপ্তর করা হবে।

যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে জানিয়ে তিনি বলেন, পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে। বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব-বিজিবিসহ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এর আগে কেন্দ্রে পরিদর্শনকালে নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম।

ফয়জুল করীম জানান, নগরীর ২২ নং ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখি নৌকার সমর্থকরা ভোটকক্ষে ঢুকে ভোটারদের বলছেন, নৌকায় ভোট দিলে দাও, না হলে চলে যাও। এসময় আমি প্রিসাইডিং অফিসারকে এসব বিষয় বলছিলাম। তখন নৌকার কর্মীরা এসে আমাকে ও আমার সঙ্গে যারা ছিলেন তাদের ওপর হামলা চালিয়ে জখম করে। বিষয়টি সম্পর্কে রিটার্নিং অফিসার ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!