হোম » অন্যান্য বিভাগ » সংলাপের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংলাপের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়াজ অনলাইন: সংলাপ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের নানা আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংলাপের কোনো বিকল্প নেই। 

বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংলাপের কোন বিকল্প নেই। আওয়ামীলীগ সংলাপে বিশ্বাসী। কাজেই আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হতে পারে।’

তিনি বলেন, ‘সংলাপ চলমান থাকবে। সংলাপের বিকল্প নেই। আমরা মনে করি, সব কিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ এখনও নেয়নি।

আর ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংলাপের বিষয়ে আওয়ামী লীগের আসল বিষয়টি বুঝতে পারছেন, ধরে নেন এটাই তাদের আসল চরিত্র।

সংলাপ ছাড়াও বিদেশি রাষ্ট্রদূতদের শিষ্টাচার নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা মনে করি, রাষ্ট্রদূতরা যেন তাদের শিষ্টাচার মেনে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন— এটিই আমাদের প্রত্যাশা।’

আগামী নির্বাচনে বিদেশি রাষ্ট্রদূতদের কোনো ষড়যন্ত্র বা পরিকল্পনা আছে কিনা— এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা যেটি বলেছে সেটিই যথেষ্ট। তারাই মনিটরিং করছেন।’

নির্বাচন কমিশনে নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা— এ প্রশ্নে কামাল বলেন, ‘আমি যতদূর জানি, জামায়াতে ইসলামী এখন নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দল নয়। কাজেই এ বিষয়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার সিদ্ধান্ত জানাবেন। ঢাকায় (বায়তুল মোকাররম এলাকায়) সমাবেশ করতে দিলে কোনো নাশকতা বা বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে কিনা, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে।’

এদিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের স্বাধীনতা পুরস্কার ২০২৩ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!