
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে দইখাওয়া বাজারের রেদওয়ান রেস্টুরেন্টের খাবার খেয়ে ২২ জন ব্যক্তি অসুস্থ হয়েছেন।
রোববার (২৮ মে) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আকসা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৭ মে) রাত ও রোববার সকালে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। এর আগে শনিবার সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকার রেদওয়ান রেস্টুরেন্টে স্থানীয়রা খাবার খান।
জানা গেছে, শনিবার সকালে রেদওয়ান রেস্টুরেন্টের পরোটা-ডাল খেয়ে পাঁচ থেকে আট ঘণ্টা পর ভুক্তভোগী ব্যক্তিদের পেটে ব্যথা, পাতলা পায়খানা ও বমি হতে থাকে। অবস্থা বেগতিক হওয়ায় শনিবার রাত ও রোববার সকালে একের পর এক আক্রান্ত ব্যক্তিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। এখন পর্যন্ত অসুস্থ ২২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে জানতে রেদওয়ান রেস্টুরেন্টের মালিক আতিয়ার রহমানের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
মেডিকেল অফিসার ডা. আল আকসা জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত হাসপাতালে ২২ জন ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম ইসলাম নয়ন জানান, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খাবারের বিষক্রিয়া থেকে এমন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান