হোম » জাতীয় » বাংলাদেশ জুনে আদানি থেকে আরো ৮০০ মেগাওয়াট বেশি বিদ্যুৎ পাবে

বাংলাদেশ জুনে আদানি থেকে আরো ৮০০ মেগাওয়াট বেশি বিদ্যুৎ পাবে

আওয়াজ অনলাইন: বাংলাদেশ জুন মাসে আদানি পাওয়ার লিমিটেড থেকে আরো ৮০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় কোম্পানিটি ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় তার প্রথম ৮০০ মেগাওয়াট আল্ট্রা-সুপার-ক্রিটিকাল তাপবিদ্যুৎ উৎপাদন ইউনিট থেকে রবিবার জাতীয় গ্রিডে ৭০০ মেগাওয়াটের বেশি সরবরাহ শুরু করেছে।

পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন বাসস-এর সাথে আলাপকালে বলেন, বাংলাদেশের গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছ, যেখানে বর্তমান চাহিদা ১৪ হাজার মেগাওয়াটের বেশি।

তিনি বলেন, ‘ভারত থেকে আমদানি করা বিদ্যুতের পাশাপাশি আমরা আমাদের নিজস্ব উৎপাদন থেকে বর্তমান বিদ্যুতের চাহিদা পূরণ করছি। এখন  প্রতিবেশী দেশ থেকে প্রায়  এক হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।’

আদানি’র এক বিবৃতিতে বলা হয়েছে, আদানি ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় তার প্রথম ৮০০ মেগাওয়াট ইউনিট চালু করেছে এবং ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। আদানি পাওয়ার লিমিটেডের সিইও এসবি খেয়ালিয়া বলেন, ‘গোড্ডা পাওয়ার প্ল্যান্টটি ভারত-বাংলাদেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি কৌশলগত সম্পদ।’ তিনি বলেন, ‘এটি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সহজ করবে এবং এর শিল্প ও ইকোসিস্টেমকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। এটি ভারত এবং সমগ্র দক্ষিণ-পূর্ব অঞ্চলে স্থাপিত সবচেয়ে দক্ষ এবং পরিবেশ-বান্ধব তাপবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে এবং এটি বিশ্বের অন্যতম সেরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!