হোম » অপরাধ-দুর্নীতি » হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আওয়াজ অনলাইন: ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পলাতক আসামি রাকিব হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। বুধবার রাতে গাজীপুরের টাকশাল এলাকায় অভিযান চা‌লি‌য়ে রা‌কিবকে গ্রেপ্তার করে র‌্যাব।

বৃহস্প‌তিবার সকালে র‌্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সা‌লের ৩১ জানুয়ারি বরিশাল জেলার গৌরনদী যাওয়ার কথা বলে আসামি রাকিবসহ আরও ২ জন বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড সংলগ্ন ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে ভিকটিম জসিমের মোটরসাইকেল ভাড়া করেন। জসিমের মোটরসাইকেলটি গৌরনদীর লক্ষণকাঠি গ্রামে পৌঁছালে আসামিরা মোটরসাইকেলটি থামাতে বলেন।

এরপর আসামি রা‌কিব তার কোমর থেকে একটি চাকু বের করে মোটরসাইকেল চালক জসিমের গলায় আঘাত করেন। এতে জ‌সি‌মের মৃত্যু হয়। এরপর রা‌কিবসহ অন‌্য আসামিরা মোটরসাইকেল চালক জসিমের মর‌দেহ ঘটনাস্থলের পাশের খালে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এই ঘটনায় মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তার ক‌রে থানা পুলিশ। ২১ মাস কারাভোগ করে নিয়মিত হাজিরা সাপেক্ষে আদালত থে‌কে জামিন পান তারা।

প‌রে গৌরনদী থানা পুলিশ মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে বিচারিক কার্যক্রম চলাকালীন সময়ে আসামিরা আদালতে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক থাকেন। এরপর আদালতে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

এরপর থে‌কে আসামিরা গ্রেপ্তার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন পলাতক থাকেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব আসামি গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল বুধবার রা‌তে আসা‌মি রা‌কিব‌তে গ্রেপ্তার ক‌রে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রা‌কিব র‌্যাব‌কে জা‌নি‌য়ে‌ছেন, জ‌সিম হত্যাকাণ্ডের পর তি‌নি নিজের নাম পরিবর্তন করে গাজীপুর টাকশাল এলাকায় লেবারের কাজ করে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!