
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কাহেৎধান্দুল মৌজার ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তুলছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে আশপাশের বসতবাড়িসহ ফসলিজমি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন এভাবে বালু তোলায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে চরচারালবন্দ গ্রামের কৃষক নূরুল ইসলাম সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে অভিযোগকারী নূরুল ইসলাম বলেন গভীর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বাল্কহেড দিয়ে রাতের আঁধারে পাচার করা হচ্ছে। এতে আমাদের বাড়িঘর ও জমিজমা বিলীন হচ্ছে। নদী থেকে বালু উত্তোলন করতে তাদের কয়েকবার না করেছি।
এ জন্য এখন তারা আমাদের উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত আশরাফ উদ্দিন বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না। এটি ওপর মহলের বিষয়। আমাকে অহেতুক দোষারোপ করা হচ্ছে। পাকুন্দিয়ার ইউএনও রোজলিন শহীদ চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন