
টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড্যা. জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমসহ একশত নেতা-কর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমর্থকদের বাঁধভাঙা আনন্দ উল্লাস করতে দেখা গেছে। গত দুদিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন নেতার বক্তব্যে জাহাঙ্গীর আলমকে দলে ফেরানোর বিষয়টি স্পষ্ট হয়। এমতাবস্থায় জাহাঙ্গীর আলমের মেয়র পদ ফিরে পাওয়ার আশাবাদী হয়ে উঠেছে সমর্থকরা। তাদের দাবি, যে অভিযোগে জাহাঙ্গীরকে দল থেকে বাদ দেওয়া হয়ে ছিলো সেটি প্রমাণিত হয়নি। তাকে ষড়যন্ত্র করে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
নগরীর উন্নয়নের স্বার্থে জাহাঙ্গীর আলমকে অনতিবিলম্বে মেয়র পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানান সমর্থকরা। জাহাঙ্গীর আলমের মেয়র পদ নিয়ে কথা বলেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। তাকে তো মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়নি, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে ক্ষমা করা হয়েছে।
অনেক নেতাকর্মীরা কলহে-বিবাদে জড়ানো ও শৃঙ্খলাবিরোধী বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তাদেরকে ক্ষমা করা হয়েছে। অপরদিকে জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তে উজ্জীবিত তার কর্মী-সমর্থকরা। প্রতিদিন জাহাঙ্গীর আলমের বাসায় জড়ো হচ্ছেন কর্মী-সমর্থকরা। জনপ্রিয় এ নেতাকে দলে ফিরিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো দূরদর্শিতার ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলে মনে করছে গাজীপুরবাসী।
এবার জাহাঙ্গীর আলম মেয়রের চেয়ারে বসার ক্ষেত্রে যে বাধা সেটিও কেটে যাবে এমন প্রত্যাশা নগরবাসীর। জাহাঙ্গীর আলমের দলে ফেরার বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবগঠিত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন, দলীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। আর ক্ষমা তো মহত্বের লক্ষণ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড্যা. আজমত উল্লা খান বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত। আমার এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহাঙ্গীর আলম বলেন, আমি স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতা-কর্মীদের সমন্বয় করে আগামীতে আধুনিক গাজীপুর গড়ার কাজে হাত দেব। তিনি আরও বলেন, এ মহানগরীর ৫৭ টি ওয়ার্ডের সবাইকে নিয়ে এ নগরীকে একটি আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল