হোম » জাতীয় » সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে: প্রধানমন্ত্রী

সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার।

তিনি বলেন, ‘আমরা সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এসব কথা বলেন।

মহাযোগীর তিরোধান দিবসে সকল ভক্ত-অনুরাগীদের তিনি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সিদ্ধ যোগীপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মধ্যে কখনো জাতিভেদ ছিলনা। তাই জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর শরণে যেতেন এবং তিনিও সবাইকে সমান দৃষ্টিতে দেখতেন।

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা এখন উন্নয়নশীল দেশ। আমরা বাংলাদেশে সমভাবে সবার উন্নয়ন করে যাচ্ছি উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।

তিনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষ্যে সকল আয়োজনের সফলতা কামনা করেন।

খবর: বাসসের

SSS###

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!