
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া পুরাতন কবরস্থান সংলগ্ন নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২ শিশুকে জীবিত উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে ওই এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম জানান, বিকেলে ৪ শিশু নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে কহর পাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সিয়াম (৯) ও একই গ্রামের মনুসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১১) এর মৃত্যু হয়। একই সাথে শাওন (১২) ও অপর এক শিশুকে জীবিত উদ্ধার করে ডুবুরি দল। শিশুদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ২ শিশুকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি মর্মান্তিক। বিষয়টি নোট করে রাখা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।
নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকাবাসী খুবই মর্মাহত। মৃত ২ শিশুর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান ঘটনাস্থলে পরিদর্শন শেষে মৃত ২ শিশুর পরিবারের সাথে দেখা করেন এবং তাদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার