হোম » সারাদেশ » মুজিব বর্ষে উদযাপনে হাবিপ্রবি’তে যত আয়োজন 

মুজিব বর্ষে উদযাপনে হাবিপ্রবি’তে যত আয়োজন 

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত এই এক বছরকে ‘মুজিববর্ষ ঘােষণা করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে করোনা পরিস্থিতিতে তা বৃদ্ধি পেয়ে ৩১ মার্চ ২০২২ করা হয়। মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন আয়োজনে মুজিববর্ষ পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
জ্যোতির্ময় বঙ্গবন্ধুঃ ১৩ মার্চ ২০২২ তারিখে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে প্রকাশিত ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক স্বারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি। হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল সংলগ্ন মাঠে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা-উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি ও হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপি, মাননীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং অনুষ্ঠানমালা ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্যান্যরা।
গবেষণাগার উদ্বোধনঃ মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)  ‘কেন্দ্রীয় গবেষণাগার’ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি। অত্যাধুনিক এই গবেষণাগারে রয়েছে ডিএনএ/আরএনএ এক্সট্রাকশন রুম, জেল ডকুমেন্টেশন রুম, পিসিআর/ আরটি-পিসিআর রুম, উন্নত মানের রেফ্রিজারেটর (-২০ ডিগ্রি সে.), বায়োসেফটি ক্যাবিনেট লেভেল-২, রেফ্রিজারেটেড টেবিল টপ সেন্ট্রিফিউজ, ভরটেক্স মিক্সার, ন্যানো ড্রপ ওয়ান মাইক্রোভলিউম ইউভি- ভিস স্পেক্ট্রোফটোমিটার, বেঞ্চ টপ পিএইচ মিটার, জিনোম সিকুয়েন্সিং রুমের যন্ত্রপাতিসহ অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি।
গবেষণাঃ(ধান) খরা ও বন্যা সহিষ্ণু নতুন জাতের ধান উদ্ভাবনে গবেষণা চালিয়ে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল। চলতি আমন মৌসুমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে শিক্ষক এবং শিক্ষার্থীদের যৌথ গবেষণায় এই নতুন জাতের ধান উদ্ভাবনের সম্ভাবনা দেখা দিয়েছে। গবেষণা সংশ্লিষ্টরা খরা ও বন্যা সহিষ্ণু ধানের জাতটি দ্বিগুণের বেশি ফলনশীল হবে বলে আশা করছেন। এই উচ্চ ফলনশীল ধান গাছটির আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো, এর কান্ড শক্ত ও মজবুত হওয়ার কারণে রোপণ থেকে শুরু করে ধান উত্তোলন পর্যন্ত পুরো মৌসুম জুড়ে গাছ হেলে না পড়ে দাড়িয়ে থাকবে এবং প্রতিকূল পরিবেশেও ফলন দিবে।গবেষকদের দাবি, ধান গাছের পাতা শেষ পর্যন্ত সবুজ থাকার ফলে ফলন ভালো হবে এবং গবাদি পশুর গুণগত খাদ্য চাহিদাও পূরণ হবে। এতে করে একজন কৃষকের ধানের পাশাপাশি গবাদিপশুর দিক থেকেও আয় করা সহজতর হবে।
করলাঃ নতুন দুটি করলা জাত উদ্ভাবন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের পিএইচডি গবেষক ফররুখ আহমেদের গবেষণায় এবং প্রফেসর ড. মো. হাসানুজ্জামান ও প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস এর তত্ত্বাবধানে করলার দইটি নতুন জাত উদ্ভাবন করা হয়। জাত দুটির নাম দেয়া হয়েছে যথাক্রমে HSTU-1′ ও HSTU-2’। এছাড়া আরও একটি করলার জাত এবং গমের জাত উদ্ভাবনের কাজ চলমান রয়েছে।
একুশে বই মেলাঃ ২৮ শে ফেব্রুয়ারি, ১লা মার্চ এবং ২রা মার্চে অনুষ্ঠিত হয় একুশে বই মেলা। প্রথম আলো বন্ধুসভা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র নিচতলায় অনুষ্ঠিত হয়। এই বই মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সহ জন সাধারণের জন্য উন্মুক্ত ছিলো। অমর একুশে বইমেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রথম আলো বন্ধুসভা সবসময় ভালো কাজ গুলো করার চেষ্টা করে, ভালো কাজের সাথে থাকে। একটি সুষ্ঠু ও বিকশিত সমাজ গড়ে তুলতে বইয়ের ভূমিকা অপরিসীম।
স্বাস্থ্য বিমাঃ ১৯ ফেব্রুয়ারী ২০২২ তারিখে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পলিসির আওতায় বাৎসরিক ২৭০ টাকা হারে প্রিমিয়াম প্রদান করতে হবে। এর সুফল হিসেবে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তিরত অবস্থায় চিকিৎসা নিলে বছরে শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ ৫০ হাজার (দৈনিক চিকিৎসার ক্ষেত্রে ব্যয় পাঁচ হাজারের বেশি নয়) টাকা পাবে। বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি বার্ষিক ব্যয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পাবে।
ছাত্রীদের জন্য আলাদা বাসঃ ছাত্রীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে দীর্ঘ দিনের দাবির ফল পেলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এবিষয়ে শিক্ষার্থী নাজিয়া জামান বলেন, আমরা ছাত্রীরা অত্যন্ত কৃতজ্ঞ প্রশাসনের প্রতি এই রকম ছাত্রীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য। পূর্বে অনেকেই ছেলে-মেয়ে একসঙ্গে গাদাগাদি করে বাসে যাওয়া আসাতে অস্বস্তি বোধ করতো। প্রশাসনের কাছে আমরা এমনই ছাত্রীবান্ধব সিদ্ধান্ত আশা করি। ক্যাম্পাসের ইতিহাসে প্রথম বারের মতো ছাত্রীদের জন্য এমন সিদ্ধান্তে আমরা সত্যিই অনেক আনন্দিত।
স্থাপত্য প্রদশর্নীঃ ২৬,২৭ ও ২৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের উদ্যোগে “বিহঙ্গ বন্দনা ” প্রদশর্নীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে গ্রন্থাগার ডিজাইন, পর্যটন কেন্দ্র, মেটাল ও মাটির ভাস্কর্য, বহুতল ভবন, আবাসিক বাসবভন, এটেলিয়ার, স্কেচ ও ব্রাঞ্চ আর্ট, কালার হুইল, ডুডল আর্ট, পিক্সেল আর্ট, সাঁওতাল বসতি পরিকল্পনা, বিভিন্ন রকমের কম্পোজিশন, স্কেচ, ফ্রাগমেন্টেশন, বেস রিলিফ, ইন্সটলেশন, এটেলিয়ার, স্কাল্পচার, হাইরাইজ, ব্রাঞ্চ আর্ট, হাবিপ্রবির ক্যাম্পাস পূর্নচিন্তা প্রভৃতি স্থান পেয়েছে।
বছরব্যাপীঃ মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর লোগো সম্বলিত ফেস্টুন-ব্যানার ও আলোকসজ্জা,সভা-সেমিনার, “মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে শিক্ষার্থীর ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক রচনা আহবান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোকচিত্র, চলচ্চিত্র ও পোস্টার প্রদর্শনীর শুভ সূচনা, অনুষদভিত্তিক ছাত্রীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ব্যাডমিন্টন টুর্নামেন্ট, অনুষদভিত্তিক ছাত্রদের অংশগ্রহণে মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট, অনুষদভিত্তিক ছাত্রদের অংশগ্রহণে শহীদ শেখ কামাল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, অনুষদভিত্তিক ছাত্রদের অংশগ্রহণে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট এবং ছাত্রদের অংশগ্রহনে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শেখ রাসেল স্মৃতি টেবিল টেনিস টুর্নামেন্ট এবং অনুষদভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড এম কামরুজ্জামান বলেন, “মুজিববর্ষের সমাপনি নামমাত্র একটি অনুষ্ঠান। মুজিববর্ষ আমাদের মাঝে চিরস্থায়ী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা’র সহযোগিতায় হাবিপ্রবি কাজ করে যাচ্ছে।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!