
সাঈদুর রহমান চৌধুরী: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ব্যবসা করতে হলে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। দুর্যোগ দুর্বিপাক কাউকে বলে কয়ে আসে না। তবে ব্যবসায়ীরা পরিবেশ ঠিক রাখতে পারলে যেকোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। নগরীতে যেসব মার্কেটগুলো আছে প্রায় মার্কেটে ব্যবসায়িক পরিবেশ নেই বললেই চলে। এর জন্য দায়ী যারা ব্যবসা করেন তাদের অসাবধানতা। সম্প্রতি জহুর হকার্স মার্কেটে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তাতে ফায়ার সার্ভিসের দক্ষতার কারণে অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। মার্কেটে আগুন নেভানোর জন্য পানির যে উৎস প্রয়োজন তা নেই। একটি রিজার্ভার তৈরির করার জন্য অনেক আগে থেকে সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন করা হয়নি। তিনি ব্যবসায়ীদের নিজেদের মধ্যে শৃঙ্খলা আনতে এখন থেকে উদ্যোগী হতে আহবান জানান। রোববার(১৩ মার্চ) সকালে পৌর জহুর হকার্স মার্কেটে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, কাজী মাহমুদুল হক, আলহাজ্ব আবু জাফর, জালাল উদ্দিন, এম.এ সালাম, সাহাবুদ্দিন, প্রদীপ বড়ুয়া প্রমুখ। মেয়র আরো বলেন, নগরীর পৌর জহুর হকার্স মার্কেটটি সম্পূর্ণ অপরিকল্পিত। ক্রেতা সাধারণের চলাচলের জন্য যেসব অলিগলি আছে তাও ব্যবসায়ীরা নিজেদের পণ্য রেখে চলাচলের অযোগ্য করে রেখেছে। যে কারণে ক্রেতা সাধারণদের ভোগান্তি হয় অন্যদিকে অগ্নিকান্ডের মত দূর্ঘটনা ঘটলে তা প্রতিহত করতে বেগ পেতে হয়। তাছাড়া ব্যবসায়ীরা নিজেদের মধ্যে দলাদলি করার কারণে মার্কেট পরিচালনা করার জন্য নির্বাচনের মাধ্যমে যে কমিটি গঠন করা হত তা দীর্ঘদিন থেকে অনুপস্থিত।
তিনি নিজেদের মধ্যে দলাদলি পরিহার করে অবিলম্বে শৃঙ্খলার মধ্যে আসতে আহবান জানান। নয়তো চট্টগ্রাম সিটি কর্পোরেশন মার্কেট পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে বলে অভিমত ব্যক্ত করেন। মেয়র ফায়ার সার্ভিসের সাথে কথা বলে মার্কেটে আগুন নেভানোর জন্য পানির উৎস হিসেবে একটি রিজার্ভার তৈরি ও ওয়াসার মাধ্যমে ফায়ার হাইড্রেইনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করে। তিনি ব্যবসায়ীদের অগ্নি নির্বাপন সরঞ্জাম মজুদ রাখার জন্য এখন থেকেই উদ্যোগী হতে আহবান জানান। মেয়র মার্কেটের অলিগলি দখল করে যে জঞ্জাল তৈরি করা হয়েছে তা নিজেদের উদ্যোগে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল