
গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিজ বাড়ির ভাড়াটিয়ার কিশোরী (১৪) মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত বাড়ির মালিক জুয়েল রানাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত জুয়েল রানা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মরকুন টেকপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, স্থানীয় টেকপাড়া এলাকায় জুয়েল রানার বাড়িতে ভাড়া নিয়ে কিশোরী মেয়েকে নিয়ে বাস করতেন তিনি। সেখানে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন কিশোরীর মা। গত বছর ১৮ ডিসেম্বর সকালে প্রতিদিনের মতো মেয়েকে বাসায় একা রেখে পারভীন তার কর্মস্থলে চলে যান। এ সুযোগে সকাল ১০টার দিকে মিষ্টি খাওয়ানোর কথা বলে কিশোরীর বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণ করে জুয়েল। বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত জুয়েল কিশোরীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ঘটনার একদিন পর ভুক্তভোগী ও তার মাকে মারধর করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে বাড়ি বের করে দেয় সে। পরে তারা একই এলাকার আরেক বাড়িতে ভাড়া নেয়। এলাকা না ছাড়ায় গত বৃহস্পতিবার স্ত্রী দিয়ে বাসায় ডেকে এনে পুনরায় কিশোরীকে মারধর করে ও বিভিন্ন হুমকি-ধমকি দেয় জুয়েল।
উপায়ন্ত না পেয়ে শুক্রবার রাতে কিশোরীর মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযুক্ত জুয়েল রানাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭