
রাউজ আলী, পাবনাঃ দীর্ঘ সাত বছর পর সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য পাবনা জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালকে। আর সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক ও পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স কে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে পাবনা পুলিশ লাইন্স মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা