হোম » সারাদেশ » বইমেলায় আসছে হাবিপ্রবি শিক্ষার্থীর দুই উপন্যাস

বইমেলায় আসছে হাবিপ্রবি শিক্ষার্থীর দুই উপন্যাস

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ বাঙালির প্রাণের উৎসব “অমর একুশে বইমেলা-২০২২ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এবারের বই মেলায় আসছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা মানিকের উপন্যাস “প্যারালাল ইনডেক্স” এবং বোরহান আহমেদ রাকিবের উপন্যাস “প্রথম উপসর্গ”।
অনুষ্ঠিতব্য ‘অমর একুশে বইমেলায় শফিক সাইফুলের প্রকাশনায় হাবিপ্রবি শিক্ষার্থী মোস্তফা মানিকের উপন্যাস ‘প্যারালাল ইনডেক্স’। উপন্যাসটির লেখক মোস্তফা মানিক জানান, জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সামনে সমান্তরাল দুটি পথ এসে দাঁড়ায়। পথ কখনো বদ্ধ থাকে না। সব সময় খোলাই থাকে। যে সমান্তরাল পথ দুটি খোলা থাকে সে দুইটির একটি ভালো আর একটি মন্দ। কোন পথে যাবো তার কিন্তু সূচক আমরা নিজেই। আমরা আশরাফুল মাখলুকাত, জ্ঞান আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ তুলনা করার ক্ষমতা আছে। এসবের আপেক্ষিক তুলনা করে সামনে এগিয়ে যাওয়ার সূচনাযাত্রা আমাদের উপর নির্ভর করে।
এসব কিছুই উপন্যাসে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’প্যারালাল ইনডেক্স’ উপন্যাসে একজন বিপথগামীকে নানা উপায়ে এবং সুকৌশলে সুপথে ফিরানোর চেষ্টা করছে অন্য আরেকজন। তাঁর চেষ্টা কতটো স্বার্থক কিংবা ব্যর্থ হবে সেটা বোঝা যাবে উপন্যাসের গল্পের শেষে। উপন্যাসটি দর্শনার্থী ও পাঠক-পাঠিকাদের জন্য বইমেলায় সাহিত্যদেশ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। এর পাশাপাশি বইটি অনলাইনে রকমারি ডটকমেও পাওয়া যাচ্ছে। বইটির দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
লেখক মোস্তফা মানিক বড় হয়েছেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ভারতের সীমান্তবর্তী নওডাঙ্গা গ্রামে। তাঁর পিতা মো: সিরাজুল ইসলাম এবং মা মরিয়ম নেছা। লেখালেখির জন্য হাতে কলম উঠে সপ্তম শ্রেণিতে। মোস্তফা মানিকের লেখা কাব্যগ্রন্থগুলো হলো, বিষফোঁড়া, সম্ভাষণ, সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ, এখানে নক্ষত্রের জন্ম।এছাড়াও প্যারালাল ইনডেক্স উপন্যাসের লেখক মোস্তফা মানিকের লেখা আরো তিনটি উপন্যাস রিফ্লেকশন অব ট্রুথ, এই অবেলায় এবং লাইফ উইথ ক্যান্সার’ প্রকাশের অপেক্ষায় আছে।
হাবিপ্রবির শিক্ষার্থী বোরহান আহমেদ রাকিবের উপন্যাস ‘প্রথম উপসর্গ’ বাস্তবতার নিরিখে রোমান্টিক ঘরানার উপন্যাস। এতে কবিগুরুর ভাষায় ‘শেষ হইয়াও হইলো না শেষ’ ধাঁচের গল্পগুলোকে পাঠকদের সামনে ভিন্ন দৃষ্টিভঙ্গিতের উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। মানুষের মন, বাস্তবতা, মনস্তত্ব, রোমান্টিকতার বিষয়গুলোকে উপজীব্য করে রচিত হয়েছে এই উপন্যাসটি।
শাহাদাত হোসাইনের প্রচ্ছদে এবং শিখা প্রকাশনীর ব্যানারে এই উপন্যাস দর্শনার্থী ও পাঠকদের জন্য মেলায় শিখা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। এর পাশাপাশি বইটি রকমারি ডটকম ও বোরহান আহমেদ রাকিবের ফেসবুক আইডিতে সরাসরি প্রি অর্ডার করা যাবে। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা।
লেখক বলেন, ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস আর সেই সুবাদে নিজে বই লেখার স্বপ্ন দেখতে থাকি। আজ তা সত্যি হচ্ছে। আশা করছি পাঠকমহলে বইটি ভালো সাড়া পাবে। জীবনযুদ্ধে হার না মানা এক সৈনিক রাকিব। অভাব-অনটনের কারণে নানা বাধা-বিপত্তিকে কাটিয়ে উঠতে হয়েছে তাকে। বোরহান আহমেদ রাকিবের গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার নিজদর্পা গ্রামে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!