
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হিমাংশু রায়কে (৩৮) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে থানার রুমেই আত্মহত্যা করেন হিমাংশু রায়। গত শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা থানার একটি কক্ষে আত্মহত্যা করেন তিনি। হিমাংশু ওই এলাকার বিশেশ্বর রায়ের ছেলে। এর আগে একই দিন উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে ছবিতা রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার স্বামী হিমাংশু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, হিমাংশু রায়ের বাড়িতে তার স্ত্রী ছবিতা রানীর (৩০) মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারসহ মৃত্যুর কারণ জানতে ওই নারীর স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানার একটি রুমে আটক রাখা হয়। সেই রুমে সন্ধ্যায় হিমাংশু রায় আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার হিরনময় বর্মণ সাগর বলেন, হিমাংশু রায়কে হাসাপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া