
সিলেট প্রতিনিধি: সিলেট নগরের ধোপাদিঘীর পাড় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধোপাদিঘীর উত্তরপাড় এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কোয়ার্টারের সামনে থেকে এই লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ‘ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার গলায় ফাঁসের চিহ্ন আছে। তবে এটা খুন নাকি কিভাবে কী হয়েছে, তা আমরা এখনই বলতে পারছি না। ময়নাতদন্তের পর এটা জানা যাবে।’ তবে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় ওই ব্যক্তি মারা গেছেন বলে জানান ওসি আলী মাহমুদ। এদিকে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিটের এক সদস্য জানান, পরিচয় সনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ সংগ্রহ করা হয়েছে।
এছাড়া সেখানে উপস্থিত পিবিআইয়ের পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, ‘কোয়ার্টারে থাকা প্রাণীসম্পদ কর্মকর্তার স্ত্রী ৯৯৯ এ ফোন দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার কথা জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।’

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ