
রবিউল হাসান লায়ন: জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। একই সাথে রোববার জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও কর্মসূচির ঘোষনা করা হয়েছে। টানা আন্দোলনের অষ্টম দিন শনিবার সকালে জেলার সাংবাদিকদের সব সংগঠনের অংশগ্রহণে শহরের বকুলতা চত্বর থেকে এই মৌন মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে ফৌজদারী মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।
বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের এক দফা এক দাবি। এসপি নাছির উদ্দীন আহমেদকে দ্রুত প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে চলমান এইচএসসি পরীক্ষা ও করোনার নতুন সংক্রমণের কথা বিবেচনায় রেখে অনুমোদন বিহীন পুনাক মেলা বন্ধেরও দাবি জানান তারা।
প্রসঙ্গত, শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের মেলা প্রাঙ্গণে ডাকেন ওই পুলিশ সুপার। তার ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সাংবাদিকদের ধরে পিটিয়ে চামড়া তুলে নেওয়াসহ ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন। এর প্রতিবাদে আন্দোলনে নামেন জেলার কর্মরত সাংবাদিকরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান