হোম » সারাদেশ » রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিএসসি’র কোম্পানী অধিনায়ক উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। শুক্রবার রূপগঞ্জের তারাবো এলাকায় দেশীয় অস্ত্র প্রদর্শণ করে চলাচলরত পরিবহনগুলোতে ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব। অভিযানকালে তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৩শত ষাট টাকা, ৩টি রামদা এবং ১টি জিআই পাইপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মৃত কাজী হোসেনের ছেলে আক্তার হোসেন (৪৮), মৃত আব্দুস সোবহানের ছেলে জালাল হোসেন (২৯), মৃত সেকেন্দার আলী খানের ছেলে মশিউর রহমান মুকুল (৩৫), ও মৃত বাহার মিয়ার ছেলে লিটন মিয়া (২৯)। তারা সকলেই রূপগঞ্জ থানার তারাবো এলাকার বাসিন্দা।

র‌্যাব আরো জানায়, অভিযানকালে একাধিক যানবাহনের চালককে জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে যে, এই চক্রটি জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে গাড়ি প্রতি ১০০ টাকা থেকে ২০০টাকা করে আদায় করতো। বাস-ট্রাকের চালকরা তাদের চাঁদা দিতে অস্বীকার জানালে গ্রেফতারকৃতরা তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করতো। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!