
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ আগামীকাল ১৭ই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সমন্বিত ২০ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে বিজ্ঞান(এ) ইউনিটে ৭ হাজার ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার।
বড় পরিসরের সমন্বিত এই ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে অংশ নিতে পারে সেই লক্ষ্যে ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া, আসন বিন্যাস এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক বলেন, এবার ৩টি ইউনিটে মোট ১৫ হাজার ৩শত ৩৮ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী হাবিপ্রবিতে পরীক্ষা দিতে আসবে। এতে বিজ্ঞান(এ) ইউনিটে ৭ হাজার ২৫ জন, বানিজ্য(বি) ইউনিটে ৭ হাজার ২৫ জন এবং মানবিক(সি) ইউনিটে ১২৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
তিনি জানান, স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে পালনের জন্য বেশ কিছু উদ্যেগ নেয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর,কেন্দ্র এবং ভবন নির্দেশক থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য রোভার ও রেড ক্রিসেন্টসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ থাকবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও হেল্পডেস্ক থাকবে।
উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ১ লক্ষ ৩১ হাজার ৯০৫, বানিজ্য ইউনিটে ৬৭ হাজার ১১৭ এবং মানবিক ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান