
আবু আলী, ঢাকা: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে বহুমাত্রিক আরশিকথা সংবাদ মাধ্যমের ৫ বছর পূর্তি উপলক্ষে সংস্থার বনমালীপুরস্থিত কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রধান সহযোগী ছিলো আরশিকথা গ্লোবাল সাহিত্য-সংস্কৃতি ফোরাম। এদিন বিবিসি ক্লাব, বিজয়ী সংঘ এলাকার নাগরিক গণ এবং আরশিকথা পরিবারের সদস্য মিলিয়ে প্রায় শতাধিক মানুষ এই পরিষেবা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উচ্চ পদমর্যাদা সম্পন্ন ও সংবাদ ব্যক্তিত্ব সহ বিশিষ্টজনেরা। শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন স্বনামধন্য বেসরকারি হাসপাতাল আই এল এস এবং ডা: শ্যামৎপল বিশ্বাস।
উল্লেখ্য, চূড়ান্ত ব্যস্ততা থাকা সত্বেও এদিন শিবির পরিদর্শন করেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার মোঃ জোবায়েদ হোসেন, আন্তর্জাতিক দাবাড়ু অর্শিয়া দাস, সদর জেলা সভাপতি, বিজেপি ডঃ অলক ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাব সম্পাদক প্রণব সরকার, ভূপেন দত্ত ভৌমিক ট্রাস্ট চেয়ারম্যান সঞ্জয় পাল, নিউজ টুডে টিভির এডিটর সৌরজিৎ পাল, বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক প্রমুখ। এদিন পরিষেবা নিতে আসা সবাইকে বিনামূল্যে ঔষধ দান করেন কর্পোরেট ব্যক্তিত্ব রাজা নাগ। এছাড়া পরিষেবা নিতে আসা সবাইকে পুষ্টিকর খাদ্য দান করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা নাগরিক সঞ্জীব রায় চৌধুরী।
৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান রাজ্যের বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা সমাজসেবী পুষ্পিতা চক্রবর্তী। এছাড়া শিবির করার জন্য স্থান দান করেন এলাকার বিশিষ্ট নাগরিক বিমান সাহা এবং পার্থিব পাল। অন্যান্য বিশেষ সহায়তায় পাশে থেকেছেন এলাকার বিবিসি ক্লাব ও বিজয়ী সংঘের পদাধিকারী সদস্যবৃন্দ। এদিন আরশিকথা ফোরামকে মধ্যাহ্ন ভোজন দান করেন বলিউড রেট্রো রেস্টুরেন্ট। দিনভর এই আয়োজনে ফোরাম সদস্যদের ভূমিকা ছিলো অত্যন্ত প্রশংসনীয়। এদিন রাজ্যের সম্মানিত শিল্পী ও গুণীজনেরা আরশিকথার ডাকে সাড়া দিয়ে শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্য পরিষেবা লাভ করেন।
সবার সহযোগিতায় আরশিকথার এই মহতী উদ্যোগ সার্বিকভাবে সফল হওয়ায় পরিবারের পক্ষে পরিচালক শান্তনু শর্মা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী