
আওয়াজ অনলাইনঃ হেলেনা জাহাঙ্গীরের বাড়ি থেকে মিললো হরিণের চামড়া, মদ – আওয়ামী লীগ থেকে সদ্য পদ হারানো এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ করা হরিণ, ক্যাঙ্গারুর চামড়া, ক্যাসিনো সামগ্রী বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। অভিযান করা হবে তার ব্যবসা প্রতিষ্ঠানেও।
অভিযানে থাকা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বর্তমানে জিজ্ঞাসাবাদে তাকে র্যাব সদর দপ্তরে নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
হেলেনা জাহাঙ্গীরকে দল থেকে অব্যাহতির বিষয়টি রবিবার (২৫ জুলাই) দলটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
নামের সঙ্গে ‘লীগ’ যুক্ত করে গড়ে ওঠা আওয়ামী লীগের অননুমোদিত একটি সংগঠনের সভাপতি পদে নাম আসার পর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি।
জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি উপকমিটির সদস্য হয়েছিলেন। তার আগে ২০২০ সালের ডিসেম্বরের দিকে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার