
উল্লাপাড়া প্রতিনিধিঃ করোনা মহামারির কারনে রাজশাহী থেকে আমদানি করা নানা জাতের আম এখন উল্লাপাড়ায় ব্যবসায়ীদের দোকানে পচে যাচ্ছে। ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এমনিতেই এবছর আমের ভালো দাম নেই। সেই সঙ্গে নেই ক্রেতা। অনেক ক্রেতা করোনা সংক্রমনের ভয়ে রাজশাহীর আম কিনছেন না। ফলে ব্যবসায়ীদের প্রতিদিন বেশ কয়েক মন করে আম পচে যাচ্ছে। আর এতে আমের এই ভরা মৌসুমে তাদেরকে লোকসান গুনত হচ্ছে প্রতিদিন।
উল্লাপাড়া পৌর বাজারের আম ব্যবসায়ী আব্দুল ওয়াহাব, কাজেম আলী ও আব্দুল মান্নান জানান, প্রতিবছর এই মৌসুমে রাজশাহীর সুরমা ফজলী, ফজলী, লকনা, গোপাল ভোগ, লেংড়া ও খেরসাপাত আম এনে তারা প্রতি কেজিতে ২০ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত লাভ করেছেন। এবছর করোনা ও টানা লকডাউনের কারণে রাজশাহীতে আমের বাজার অনেক কম। কিন্তু লকডাউনের কারণ দেখিয়ে আম পরিবহনে ব্যবহৃত যানবাহনের ভাড়া গুনতে
হচ্ছে ব্যবসায়ীদের প্রায় দ্বিগুণ। তার উপর বাজারে আমের দাম নেই। দেখা মিলছে না ক্রেতার। গোপাল ভোগ ও খেরসাপাত আম প্রথমে ৩০ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি করলেও এখন এর দাম কেজিতে ১০ টাকা নেমে এসেছে। ফজলী আম উল্লাপাড়ার বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। অথচ পুর্বের বছরগুলোতে ফজলী আম প্রথমেই ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতো।
আম ব্যবসায়ী কাজেম আলী জানান, গত দুইদিনে তার অন্ততঃ ৫ মন লকনা আম পচে নষ্ট হয়ে গেছে। খরচের টাকা তুলতে এসব আম তিনি ২০ টাকা কেজি দরে বিক্রি করলেও শেষ পর্যন্ত আর আমের গ্রাহক মেলেনি। আব্দুল মান্নান জানান, এক সপ্তাহে বিভিন্ন জাতের তার অন্ততঃ ৬ মন আম পচে নষ্ট হয়েছে। আর এতে চরম লোকসান গুনতে হচ্ছে তাকে। আম ব্যবসায়ীরা তাদের ব্যবসায় এই ধসের কারণ হিসেবে করোনাকেই দায়ী করছেন সবাই ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন