
এম.এ রাশেদ: বগুড়া শহরের মালগ্রাম এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. জোবায়ের নামের যুবক নিহত হয়েছেন। ৪ জুলাই (রোববার) রাত ১২ টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। নিহত জোবায়ের (২০) শহরের মালগ্রাম দক্ষিণপাড়ার মো. টুলুর ছেলে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মালগ্রাম এলাকার মো. সাব্বির (২১) নামের এক যুবকের সাথে জোবায়েরের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এর জের ধরে রবিবার রাত ৯ টার দিকে সাব্বিরকে মালগ্রাম এলাকায় জোবায়ের ছুরিকাঘাত করেন। এ ঘটনায় সাব্বিরকে উদ্ধার করে স্থানীয় জনগণ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ভর্তি করান। এরপর এই ঘটনার জের ধরে সাব্বিরের পক্ষের লোকজন জোবায়েরকে মালগ্রাম এলাকায় ছুরিকাঘাত করেন রাত ১০ টার দিকে। পরে তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সাব্বির ও জোবায়েরের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই এই ছুরিকাঘাতের ঘটনা। দুজনেই ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। তবে জোবায়ের চিকিৎধীন অবস্থায় মারা গেছেন। জোবায়েরের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেকের মর্গে রাখা আছে। তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া