
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে উপজেলার কৃষি মাঠগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জমিতে রবিশস্য চাষ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠগুলোতে রবিশস্য চাষে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। এলাকার আবাদী জমি থেকে বন্যার পানি নেমে যাওয়ায় কৃষকরা পুরোদমে রবিশস্য চাষে ঝুঁকে পড়েছে। এবার আমনের বাম্পার ফলন এবং ভালো দাম পাওয়ায় কৃষক বেশ খুশি। বেশি লাভের আশায় ব্যাপক হারে রবিশষ্য চাষে জমিতে বাড়তি সময় পার করছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবিশস্য মৌসুমে এবারে উপজেলার ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে প্রায় সাড়ে ৫ হাজার পাঁচ’শ হেক্টর জমিতে রবিশস্য চাষ করেছে কৃষক। উপজেলা কৃষি অফিসের হিসাব মতে গম ২৫ হেক্টর জমিতে, আলু ৮১০ হেঃ, সরিষা ২২৫০ হেঃ, মিষ্টি আলু ১১৫ হেঃ সবজি ৮৫০ হেঃ, চিনা বাদাম ১৪০ হেঃ, ভূট্টা ২৫ হেঃ, মরিচ ৫২০ হেঃ পেঁয়াজ ৬৫ হেঃ, রসুন ৫৫ হেঃ, ধনিয়া ৭০ হেঃ, মাসকলাই ৩৮০ হেঃ, মুগ ৬ হেঃ ও সূর্যমুখী ৫ হেক্টর জমিতে আবাদ করা হয়।
কৃষকরা কেউ পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছে আবার কেউ বীজ রোপন করছে।কেউ সবজী গাছের পরিচর্যা করছে, কেউ গাছে প্রতিষেধক প্রয়োগ করছেন। আমন ধান উঠার সাথে সাথে এভাবেই আবাদি মাঠে ব্যস্ত হয়ে পড়ছেন চাষিরা। তারা আলু, বেগুন, মুলা,ফুলকপি বাধাকপিসহ বিভিন্ন রবিশস্য চাষ করতে জমিতে অক্লান্ত পরিশ্রম করছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ প্রতিনিয়িত কৃষকদের পরামর্শ প্রদান করছেন। এছাড়াও অল্প খরচে বেশি উৎপাদনের জন্য কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছেন। তাই আশা করা যায় এবার এলাকায় রবিশস্যের বাম্পার ফলন হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন