
আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী ও পরিকল্পণামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বৃহত্তম সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে। সমাবেশে উন্নয়ন ভাবনা নিয়ে পরিকল্পণামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি জাতীয় কোন নেতা নই, সাধারন একজন মানুষ। মানুষের ভালবাসায় সিক্ত হয়ে আজ এখানে এসেছি। আমি হাওরাঞ্চলে বড় হয়েছি, ছোটবেলা হাওরের দুঃখ দেখেছি। আমি মানুষের খেদমত করতে চাই। তিনি বলেন, রাজনৈতিক মারপ্যাচ আমি বুঝিনা, উন্নয়ন বুঝি।
প্রধানমন্ত্রীও সেইভাবে আমাকে চেনেন। ৪০ বছর আগে প্রধানমন্ত্রীর সাথে আমার পরিচয়। আমিও প্রধানমন্ত্রীকে চিনি। শেখ মুজিব স্বাধীনতা দিয়েছেন আর তার কন্যা শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন। তিনি উন্নয়নের অবস্থান বর্ননা করে বলেন, চৈত্রমাস আসলে গ্রামের অনেক মানুষ উপোষ থেকেছেন। বিদ্যুৎ ছিলনা। এখন আর উপোষ কেউ থাকেনা। ভারত ও পাকিস্তানে সব জায়গায় বিদ্যুৎ পৌছেনি। আমাদের দেশে সর্বত্রই বিদ্যুৎ পৌঁছে গেছে। পদ্মা সেতু নিজের টাকায় নির্মাণ হলো। কর্নফুলীর নিচে টানেল নির্মাণ হচ্ছে। রুপপুরে পারমানবিক প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ প্রকল্প থাইল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কাও নেই। দেশের আকাশে এখন স্যাটেলাইট উড়ছে, আমরাও উড়ছি দুনিয়ার সাথে। উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। পরিকল্পণামন্ত্রী আরো বলেন,
কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গা হয়েছে। দেশব্যাপী ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ অব্যাহত আছে। একটি মৌলবাদী গোষ্ঠী এসব অপকর্মে জড়িত রয়েছে। এটা ফৌজদারী অপরাধ। এদেরকে বিচারের আওতায় আনা হবে। আমি ঢাকায় গেলে বলি আমার বাড়ী সুনামগঞ্জ, কোথাও দক্ষিণ সুনামগঞ্জ বা শান্তিগঞ্জ বলিনি। আমি সুনামগঞ্জের উন্নয়ন করছি। অথচ একটি মহল আমার বিরুদ্ধে বদনাম রটাচ্ছে। ক্ষমতাসীন দলের হয়ে মন্ত্রীর বিরুদ্ধে কথা বলা ইতিহাসে নেই। ছাতক-সুনামগঞ্জ হয়ে রেল যাবে। সদরে মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে, উড়াল সেতু হবে এসবতো দক্ষিণে নয়, এসব সুনামগঞ্জ জেলাবাসীর উন্নয়ন।
আমি উন্নয়নের জন্য কাজ করে যাবো। শান্তিগঞ্জে সব নিয়ে গেছি এমন প্রমান দেখাতে পারলে তওবা করে রাজনীতি ছেড়ে দেবো। শনিবার বিকেলে শহরতলীর রাধানগর পয়েন্টে সুনামগঞ্জ জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সহভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য সজিব কান্তি দাসের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, পৌর কলেজের অধ্যক্ষ ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদ,সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা অ্যাডভোকেট অবনী মোহন দাস, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাজিনুর ও হোসেন আলী প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২