হোম » সারাদেশ » আড়াইহাজারে অগ্নিকান্ডে বসত ঘরসহ মালামাল ভস্মীভূত

আড়াইহাজারে অগ্নিকান্ডে বসত ঘরসহ মালামাল ভস্মীভূত

আড়াইহাজারে একটি বসত ঘরের ফ্রিজের কম্প্রেসার থেকে সৃষ্ট অগ্নিকান্ডে টিনের চৌচালা ঘরসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে দাবী করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) বেলা ১০টার দিকে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকায় আব্দুল খালেক মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবী করা হয়েছে ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে হলে তদন্ত করতে হবে। তাদের দাবী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত খালেক মিয়া জানান, বুধবার বেলা ১০টার দিকে হঠ্যাৎ ঘরে আগুন ধরে যায়। কোনো কিছু বুঝে উঠার আগেই পুরো ঘরে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মূহুর্তেই ঘরসহ সকল আসবাবপত্র পোড়ে ছাই হয়ে যায়। তবে পরিবারের সদস্যরা কেউ আহত হয়নি। আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ও বালি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

তিনি আরও বলেন, আলমারিতে থাকা প্রায় ৩ লাখ টাকা, পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড় সহ মূল্যবান সকল জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮লাখ টাকার মালামালের ক্ষতি হওয়ার আশংকা করছেন তিনি।তার পরিবারের লোকজন বলেন, আমাদের থাকার মতো কোনো ঘর নেই। আমাদের এখন খোলা আকাশের নিচে থাকতে হবে।

আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন অফিসার শাজাহান হোসেন বলেন, ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে হলে তদন্ত করতে হবে। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতি হয়ে থাকতে পারে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!