
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষকের গরু চুরির অভিযোগে দেলোয়ার হোসেন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দেলোয়ার হোসেন টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি হাতীবান্ধার পশ্চিম বেজগ্রামের ভবানীপুর এলাকায়। বাদী হাতীবান্ধার দক্ষিণ গড্ডিমারী গ্রামের কৃষক ফারুক হোসেন।
জানা গেছে, চলতি বছরের ২১ এপ্রিল ভোরে হাতীবান্ধার দক্ষিণ গড্ডিমারী গ্রামের কৃষক ফারুক হোসেন মোস্তাজিরের বাড়ি থেকে একটি ৭ মাসের গর্ভবতী গাভী চুরি হয়ে যায়। ওই গাভীটি গত বুধবার বিকেলে হাতীবান্ধা হাটে বিক্রি করতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হন কৃষক মোস্তাজির। তখন খোঁজখবর করে চোরাই গরুর বিক্রেতা হিসেবে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের নাম উঠে আসে।
এরপর কৃষক মোস্তাজিরের দায়ের করা মামলায় গতকাল পুলিশ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ও জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে আদালতে হাজির করে। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, চুরি হওয়া গরুটি দেলোয়ারের কাছ থেকে জাকির হোসেন কিনেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে দেলোয়ার গরুটির বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মঞ্জু বলেন, দেলোয়ার হোসেন টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। টংভাঙ্গা ইউনিয়নে এখনো পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি, তাই তিনি বর্তমান কমিটির কেউ নন। দেলোয়ার হোসেন মাদকসহ একাধিক মামলায় এর আগে কয়েকবার জেল খেটেছেন। সম্প্রতি একটি মামলায় জামিনে কারামুক্ত হন তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান