হোম » প্রধান সংবাদ » কাজিপুরে নদীতীর রক্ষা বাঁধে ধস

কাজিপুরে নদীতীর রক্ষা বাঁধে ধস

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতীর রক্ষা বাঁধের রিভার ব্যাংক অংশের অন্তত ৫০মিটার এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে। এর ফলে ভাঙন আতংকে রয়েছে যমুনার তীরবর্তী এলাকার অন্তত ১০টি পরিবার। ভাঙনের মুখে পড়ায় ইতিমধ্যে একটি পরিবারকে স্থানান্তর করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ আগষ্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার ১নম্বর সাইড ঢেকুরিয়া পয়েন্টের শহীদ এম মনসুর আলী ইকোপার্ক এর একশ গজ উত্তরে এ ধস দেখা দিয়েছে। ভাঙন শুরুর সাথে সাথে আতঙ্কিত লোকজন বাড়িঘর ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিচ্ছে। এদিকে ভাঙনের বিস্তৃতি রোধে বালিভর্তি জিওব্যাগ নিক্ষেপের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানান, ভোর রাত থেকে যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধের রিভার ব্যাংক অংশে ধস দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই বাঁধের অভ্যন্তরের একটি বাড়ি সম্পূর্ণ দেবে যায়। ধীরে ধীরে ভাঙনের বিস্তৃতি বাড়তে থাকে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, প্রচন্ড বৃষ্টির কারণে বাঁধের নিম্নাংশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে ধস দেখা দেয়। রিভার ব্যাংকের উপরিভাগের ২০ মিটার ও নি¤œ ভাগের ৩০ মিটার মোট ৫০ মিটার এলাকায় এ ধসে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জিওব্যাগ নিক্ষেপ করে ভাঙনরোধ করা হয়েছে। এছাড়া ধসে যাওয়া অংশের সংস্কার কাজ চলছে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, নদী তীর রক্ষা বাঁধের নিম্নাংশে ধস দেখা দিলে তীরবর্তী বেশ কিছু পরিবার আতংকে বাড়িঘর সরিয়ে নিচ্ছে। কমেলা বেগম নামে একজন বিধবা নারীর ঘর ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। আমরা তাকে ঢেকুরিয়া শহীদ মনসুর আলী ইকোপার্কে শিফট করেছি। তাবু টানিয়ে আপাতত তার থাকার ব্যবস্থা করা হয়েছে এবং শুকনো খাবার ও নগদ টাকাও বিতরণ করেছি। ওই পরিবার ছাড়া বাকী পরিবারের আতংকের কিছু নেই। ইতিমধ্যে ধস রোধ করেছে পানি উন্নয়ন বোর্ড।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!