হোম » সারাদেশ » ভেড়ামারায় সাবেক মেয়র টুটুলের ওপর সন্ত্রাসী হামলা

ভেড়ামারায় সাবেক মেয়র টুটুলের ওপর সন্ত্রাসী হামলা

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ থেকে সদ্য পদত্যাগ করা নেতা আনোয়ারুল কবির টুটুল সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকার এসডি টাওয়ারের সামনে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় টুটুলের সঙ্গে থাকা স্থানীয় বিএনপির ৪ নম্বর পৌর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেন এবং নুরু নামের আরও একজন আহত হন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারুল কবির টুটুল অভিযোগ করে বলেন, প্রতিদিনের মতো গোডাউন মোড় হয়ে নিজ বাসায় ফিরছিলেন। এসডি টাওয়ারের সামনে পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। তাঁর দাবি, তাঁকে হত্যার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দল নেতা এস এস আল হুসাইন সোহাগের নেতৃত্বে সিজার, খোকন নেংরা, রুম্মন ও রুমনসহ কয়েকজন সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাঁর সঙ্গে থাকা দুলাল হোসেন ও নুরুও হামলায় আহত হন বলে তিনি অভিযোগ করেন। টুটুল আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এসব কার্যক্রম চালিয়ে আসছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ বলেন, “এই ঘটনার সঙ্গে আমি বা আমার কোনো কর্মী-সমর্থকের সম্পৃক্ততা নেই। শহরের জলাবদ্ধতা নিরসন, যানজট কমানো এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমি কাজ করে যাচ্ছি। পৌর মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, সাবেক পৌর মেয়রের ওপর হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!