হোম » সারাদেশ » মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২

মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রঞ্জু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) গুরুতর আহত হয়েছেন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রঞ্জু মিয়া ঘাষিড়া গ্রামের ফজলাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাতে একটি ইটভাটার ভেতরে মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খোরশেদ আলমের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।
খবর পেয়ে খোরশেদকে উদ্ধার করতে তার দুলাভাই রঞ্জু মিয়া এবং ছেলে জুবায়ের ঘটনাস্থলে ছুটে যান। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনজনই গুরুতর আহত হন। রঞ্জু মিয়া অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত জুবায়ের ও খোরশেদকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশপাশে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের ধারণা, পূর্বের বিরোধ ও মাদকসংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এ হামলার সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!