হোম » সারাদেশ » ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:         

 বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় আশরাফুল কবির রানা (৪২) নামে ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।

‎গত সোমবার (২২ জুন ২০২৬) গভীর রাতে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের নারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল কবির রানা ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে এবং ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মশাল মিছিল বের করেন। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সমর্থকরা মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

‎অভিযোগে উল্লেখ করা হয়েছে, একপর্যায়ে মিছিলকারীদের কয়েকজন যুবদল নেতা রিপন সেখকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়।

‎ঘটনার দুই দিন পর, ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে এর আগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। চলমান অভিযানের অংশ হিসেবে এবার আশরাফুল কবির রানাকে আটক করা হয়।

‎মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎এদিকে, আলোচিত এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ করছে তদন্তকারী সংস্থা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!