
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি নার্সারির ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় নার্সারির শতাধিক মূল্যবান গাছ, ওষুধ, সরঞ্জাম ও যন্ত্রপাতি পুড়ে গেছে। একই রাতে পাশের আরেকটি নার্সারিতে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) ভোররাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন মহিপুর জামতলা এলাকার জেল হোসেনের ছেলে কামরুজ্জামান রনি, যিনি ‘সোহাগ নার্সারি’র মালিক এবং সাধুবাড়ী এলাকার তোজাম্মেল হকের ছেলে অসীম, যিনি ‘অসীম নার্সারি’ পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে হেলাল নামের এক ব্যক্তি মোবাইল ফোনে কামরুজ্জামান রনিকে তার নার্সারির ঘরে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন, আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কামরুজ্জামান রনি জানান, আগুনে ঘরের ভেতরে থাকা বিভিন্ন কৃষি সরঞ্জাম, কীটনাশক, ওষুধ ও মেশিনপত্র পুড়ে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আগুনের তাপে নার্সারিতে থাকা শতাধিক বিভিন্ন প্রজাতির চারা ও গাছ বিনষ্ট হয়েছে, যার আর্থিক মূল্য আরও বেশি বলে তিনি দাবি করেন।
অন্যদিকে একই সময়ে পাশের অসীম নার্সারির কভার, অবকাঠামো ও ঘরে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে ওই নার্সারিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষোভ ও হতাশা প্রকাশ করে কামরুজ্জামান রনি বলেন, “দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমার নার্সারিতে আগুন দিয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। এতে শুধু আর্থিক ক্ষতিই নয়, আমার দীর্ঘদিনের পরিশ্রম ও ব্যবসায়িক ভবিষ্যৎও হুমকির মুখে পড়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, একই রাতে দুটি নার্সারিতে হামলা ও নাশকতার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে শেরপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় কৃষি উদ্যোক্তারা মনে করছেন, এ ধরনের ঘটনা কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় ধরনের হুমকি। তারা প্রশাসনের কাছে নার্সারি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ন্যূনতম ভাড়া ১০ টাকা নির্ধারণ
টাকা দিলে যখন তখন স্বজনদের সঙ্গে হাজতির দেখা মিলে