
সাব্বির আহামেদ, রাজশাহী সদরঃ
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি ফগার মেশিনে কীটনাশক স্প্রে করে দুই সপ্তাহব্যাপী এই বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকে মশক নিয়ন্ত্রণে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে স্প্রে কার্যক্রম শুরু করা হলো। এর আগে আমরা গত ৬ জুন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি করেছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে আমরা নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, ডেঙ্গুমুক্ত রাজশাহী নগরী গড়ে তুলতে নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখি। ফুলের টব, ভাঙা হাঁড়ি-পাতিল, গাড়ির পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাব-নারকেলের খোসা ইত্যাদি স্থানে পানি জমতে দেবেন না, মশার প্রজননস্থল ধ্বংসে সকলে সচেতন থাকি। আমরা সকলে মিলে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।
উদ্বোধনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এম.এ আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও মশার প্রজনন স্থানে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী নগরীতে প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে মোট ১৪ দিন (২ সাইকেল) চক্রাকারে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হবে। ১০ জুন হতে ২৩ জুন ২০২৬ পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ০৯, ১১, ১২, ১৩, ২২ নম্বর ওয়ার্ড এলাকায়, ২২ নম্বর ওয়ার্ড এলাকায়; বৃহস্পতিবার ২০, ২১, ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ড এলাকায়; শুক্রবার ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ নম্বর ওয়ার্ড এলাকায়; শনিবার ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ নম্বর ওয়ার্ড এলাকায়; রবিবার ০৬, ০৭, ০৮, ১০, ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় এবং সোমবার ০১, ০২, ০৩, ০৪, ০৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফগার স্প্রে করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে মহানগরীর বিভিন্ন সরকারি, আধা-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে ফগার স্প্রে’র বিশেষ অভিযান পরিচালিত হবে।

আরও পড়ুন
নাগরপুরে উৎসবমুখর পরিবেশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
সীমান্তে পুশইনের চেষ্টা: বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি, রামরামপুরে উত্তেজনা
ধামগড়ে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত